Home / বানিজ্য / ২৫ জুলাই থেকে বাড়ছে পত্রিকার দাম

২৫ জুলাই থেকে বাড়ছে পত্রিকার দাম

বাংলাদেশের সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) জানিয়েছে, আগামী ২৫ জুলাই থেকে তাদের সদস্যভুক্ত সব পত্রিকার দাম কপি প্রতি অন্তত ২ টাকা বাড়ানো হবে। এর ফলে যেসব পত্রিকার বর্তমান দাম ১০ টাকা, তা ১২ টাকা এবং ৫ টাকার পত্রিকা ৭ টাকায় বিক্রি হবে।

নোয়াব এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী সংবাদপত্র শিল্প বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিজ্ঞাপন ও সার্কুলেশন থেকে আয় কমে যাওয়ার পাশাপাশি ২০২০ সালে মহামারি পরিস্থিতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। সব প্রতিকূলতা সত্ত্বেও এতদিন পত্রিকার দাম বাড়ানো হয়নি।

সংগঠনটি আরও জানায়, বর্তমানে নিউজপ্রিন্টসহ প্রকাশের আনুষঙ্গিক সব উপকরণের দাম ব্যাপকহারে বেড়েছে। গত বছরের তুলনায় নিউজপ্রিন্টের দাম দ্বিগুণ হয়েছে। এছাড়া ডলারের বিনিময় হার বৃদ্ধি, কালি ও প্লেটের দাম বাড়ার পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পত্রিকার উৎপাদন ব্যয় বহুগুণ বেড়েছে।

নোয়াব অভিযোগ করেছে, গত কয়েক মাস ধরে তারা বারবার সরকারি সহায়তা চাইলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। অন্যান্য শিল্প খাতে প্রণোদনা দেওয়া হলেও সংবাদপত্র শিল্পকে কোনো সহায়তা দেওয়া হয়নি। এমনকি এবারের জাতীয় বাজেটেও কর্পোরেট কর, আমদানি শুল্ক ও ভ্যাটের কোনো পরিবর্তন হয়নি।

সংকট মোকাবিলায় পাঠকদের সহযোগিতা চেয়ে নোয়াব জানায়, তারা পাঠকদের কাছে মানসম্মত পত্রিকা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে উল্লেখ্য যে, দ্য ডেইলি স্টারের দাম এই ঘোষণার আওতায় পড়ছে না, কারণ পত্রিকাটির দাম গত ১ জুলাই থেকেই ১৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *