Home / বিশ্ব / বিশ্ববাজারে একদিনেই জ্বালানি তেলের দাম কমল ২ শতাংশের বেশি

বিশ্ববাজারে একদিনেই জ্বালানি তেলের দাম কমল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম মঙ্গলবার এক দিনে ২ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের তীব্রতা কমে আসায় এবং দুই দেশের পক্ষ থেকে নতুন করে হামলার প্রবণতা না থাকায় জ্বালানি তেলের বাজারে এই প্রভাব পড়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ০৩ ডলারে নেমেছে। এছাড়া মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮১ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর আগে এই দাম ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার ছিল।

মুদ্রাবাজারেও এর প্রভাব লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের মান কমে ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৬৩ দশমিক ৮২ ইয়েনে। পাশাপাশি ইউরোর মানও কিছুটা হ্রাস পেয়েছে।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফেরানোর ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। দীর্ঘদিন হামলা স্থগিত থাকার পর কূটনৈতিক উদ্যোগের কারণে তেলের বাজারে অস্থিরতা অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *