Home / আন্তর্জাতিক / গ্রিসে দাবানল নেভানোর সময় হেলিকপ্টার সংঘর্ষে নিহত ২

গ্রিসে দাবানল নেভানোর সময় হেলিকপ্টার সংঘর্ষে নিহত ২

গ্রিসের এথেন্স থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে দাবানল নেভানোর সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গ্রিক ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার আত্তিকা-বোয়শিয়া সীমান্তে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের লিয়াজোঁ কর্মকর্তা।

দুর্ঘটনার সময় দ্বিতীয় হেলিকপ্টারটিতে থাকা এক ব্রিটিশ পাইলট ও গ্রিসের অপর এক সমন্বয়কারী প্রাণে বেঁচে গেছেন। তারা সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন। গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দাবানল নেভানোর সময় একটি বেল হেলিকপ্টারের পাখার সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। এতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে খাদে পড়ে যায় এবং অন্যটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এই দুর্ঘটনার পর গ্রিসের সিভিল প্রোটেকশন মন্ত্রণালয়ের নির্দেশে দেশটির সবকটি বেল হেলিকপ্টার সাময়িকভাবে গ্রাউন্ডিং বা উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে ৫০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। গত তিনদিন ধরে পোর্টো জারমেনো, সাইথা, ফোকিদা, মেগারা এবং কেফালোনিয়াসহ বিভিন্ন এলাকায় এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় তারা হিমশিম খাচ্ছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *