বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ছাত্রদলের উদ্যোগে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মক ভাইভা ও গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের চূড়ান্ত মৌখিক পরীক্ষার প্রস্তুতি আরও কার্যকর করা, ভাইভা-ভীতি দূর করা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিউল আমিন গালিবের উদ্যোগে এই বিশেষ সেশনের আয়োজন করা হয়।
হল প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন হলের আবাসিক শিক্ষক ড. মো. আজহারুল ইসলাম। ভাইভা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রশাসন ও পুলিশ ক্যাডারের কর্মকর্তারা। এই সেশনে হলের আবাসিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মক ভাইভা সেশনে শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষার পরিবেশের সাথে পরিচিত করা হয়। এছাড়াও তাদের উপস্থাপনা, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, হলের শিক্ষার্থীদের পড়াশোনায় গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এই ধরনের কার্যক্রম আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক মন্ডল ও আহ্বায়ক সদস্য মো. কাউসার আল মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বাস্তব পরীক্ষার আগে এমন মক ভাইভা নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্মারক হিসেবে টাই ক্লিপ উপহার দেওয়া হয়।









