বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে তা ডিলিট করে দিলে সেটি দেখার সরাসরি কোনো আনুষ্ঠানিক উপায় নেই। অনেকেই কৌতূহলবশত ডিলিট করা মেসেজ দেখার চেষ্টা করেন, কিন্তু অ্যাপের ভেতর মেসেজ উদ্ধারের কোনো রিকভারি অপশন যুক্ত করা হয়নি।
অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন হিস্টোরি ফিচারটি ব্যবহার করে ডিলিট করা মেসেজ দেখার চেষ্টা করা যেতে পারে। যদি ফোনের সেটিংসে আগে থেকেই ‘নোটিফিকেশন হিস্টোরি’ অপশনটি চালু থাকে, তবে হোয়াটসঅ্যাপে আসা মেসেজের নোটিফিকেশন সেখানে সংরক্ষিত থাকতে পারে। চ্যাট খোলার আগেই যদি প্রেরক মেসেজ ডিলিট করে দেন, তবে নোটিফিকেশন হিস্টোরিতে মেসেজটির কিছু অংশ দেখা সম্ভব হতে পারে।
কিভাবে নোটিফিকেশন হিস্টোরি চালু করবেন
অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা পেতে সেটিংস অপশনে গিয়ে ‘নোটিফিকেশনস’ থেকে ‘নোটিফিকেশন হিস্টোরি’ নির্বাচন করতে হবে। এরপর ‘ইউজ নোটিফিকেশন হিস্টোরি’ অপশনটি চালু করতে হবে। তবে এটি মনে রাখা জরুরি যে, মেসেজ আসার আগেই এই সেটিংস চালু থাকতে হবে। ডিলিট হওয়ার পর নতুন করে এই অপশন চালু করলে পুরোনো তথ্য পাওয়া যাবে না।
সীমাবদ্ধতা ও সতর্কতা
নোটিফিকেশন হিস্টোরিতে সব সময় সম্পূর্ণ মেসেজ দেখা যায় না; শুধুমাত্র নোটিফিকেশনে যতটুকু অংশ ভেসে ওঠে, ততটুকুই সংরক্ষিত থাকে। এছাড়া ছবি, ভিডিও বা ভয়েস মেসেজের ক্ষেত্রে এটি কাজ নাও করতে পারে। ব্যাকআপ রিস্টোর করার মাধ্যমে মেসেজ ফিরে পাওয়ার চেষ্টা করা যেতে পারে, তবে এতে বর্তমান চ্যাটের তথ্য হারানোর ঝুঁকি থাকে।
ইন্টারনেটে বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ দাবি করে যে তারা হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ ফিরিয়ে দিতে পারে। এসব অ্যাপ ব্যবহারের বিষয়ে প্রযুক্তিবিদরা সতর্ক করেছেন। কারণ এ ধরনের অ্যাপে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য ও চ্যাটের গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। তাই যেকোনো অপরিচিত অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এবং ফোনের নিজস্ব নিরাপত্তা ফিচার ব্যবহার করাই নিরাপদ।










