Home / আন্তর্জাতিক / অস্ট্রেলিয়ায় মাশরুম বিষপ্রয়োগে অভিযুক্তের আপিল শুনানি: হোটেলের ভুল নিয়ে বিতর্ক

অস্ট্রেলিয়ায় মাশরুম বিষপ্রয়োগে অভিযুক্তের আপিল শুনানি: হোটেলের ভুল নিয়ে বিতর্ক

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্নে মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এরিন প্যাটারসনের আপিল শুনানিতে বিচারিক প্রক্রিয়ার বড় ধরনের ত্রুটির কথা তুলে ধরা হয়েছে। প্যাটারসনের আইনজীবীরা আদালতে দাবি করেছেন, মামলার শুনানিকালে জুরি বোর্ডের সদস্যরা যে হোটেলে ছিলেন, সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং মামলার প্রধান সাক্ষীও অবস্থান করেছিলেন। এই ঘটনাটি বিচারের নিরপেক্ষতা ও অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

২০২৩ সালে ভিক্টোরিয়ার নিজ বাড়িতে আত্মীয়দের ডিনার পার্টিতে বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুমযুক্ত বিফ ওয়েলিংটন পরিবেশন করে তিনজনকে হত্যা এবং একজনকে হত্যার চেষ্টার দায়ে প্যাটারসন বর্তমানে সাজা ভোগ করছেন। আপিল শুনানিতে তার আইনজীবী রিচার্ড এডনি এই অবস্থাকে বিপর্যয়কর হিসেবে আখ্যা দিয়ে পুনরায় বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সুবিচার নিশ্চিত করতে এই মামলার রায় বাতিল করা জরুরি।

তবে রাষ্ট্রপক্ষের পরিচালক ব্রেন্ডন কিসেন এই অভিযোগকে দুর্ঘটনাজনিত উল্লেখ করে বলেন, জুরি ও সাক্ষীদের মধ্যে কোনো যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি। তাই এটিকে বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটি হিসেবে গণ্য করার সুযোগ নেই।

শুনানিতে প্যাটারসনের আইনজীবীরা আরও দাবি করেন যে, মামলার কিছু তথ্য কেবলই অনুমাননির্ভর ছিল এবং গুরুত্বপূর্ণ অনেক প্রমাণাদি বাদ দেওয়া হয়েছিল। বিশেষ করে, অভিযুক্তের মাশরুম সংগ্রহের বিষয়ে প্রসিকিউশনের দেওয়া তত্ত্বটি ভিত্তিহীন ছিল বলে তারা দাবি করেন। এছাড়া, মামলার আগের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আচরণ এবং ফেসবুক মেসেজ উপস্থাপনার বিষয়েও আপত্তি জানিয়েছেন তারা।

অন্যদিকে, ভিক্টোরিয়ার ডিরেক্টর অব পাবলিক প্রসিকিউশন প্যাটারসনের ৩৩ বছরের প্যারোলকালকে অপর্যাপ্ত দাবি করে তার সাজা বাড়ানোর আবেদন করেছে। আদালত জানায়, উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর এই বিষয়ে রায় ঘোষণার জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। উল্লেখ্য, অভিযুক্ত এরিন প্যাটারসন বর্তমানে কারাগারে রয়েছেন এবং তিনি ভিডিও লিংকের মাধ্যমে এই শুনানিতে অংশ নিয়েছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *