ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সেবামূলক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গাজা ও ফিলিস্তিনের বিভিন্ন প্রান্তে আটক স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো অমানবিক আচরণে তারা অত্যন্ত ক্ষুব্ধ। স্বাস্থ্যকর্মীদের আটক ও নির্যাতনের এই ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর বিরুদ্ধে বিশ্বনেতাদের নীরবতা এক ধরনের পরোক্ষ সমর্থন হিসেবে গণ্য হচ্ছে বলে সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে।
উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে দেড় বছরেরও বেশি সময় ধরে বন্দি করে রাখা হয়েছে। এমএসএফ জানিয়েছে, তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং নিয়মিত নির্যাতন করা হচ্ছে। একইসঙ্গে ৬০০ দিনের বেশি সময় ধরে বন্দি থাকা অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মদ ওবেইদকেও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংস্থাটি।
ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েলের তথ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ৫০ জন স্বাস্থ্যকর্মী ইসরায়েলি কারাগারে অমানবিক অবস্থায় বন্দি রয়েছেন, যার মধ্যে ১৫ জন চিকিৎসক। হেলথকেয়ার ওয়ার্কার্স ওয়াচের এপ্রিলের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৪৬ জন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ছয়জন কারাগারে থাকাকালীন মারা গেছেন এবং তাদের মরদেহ এখনো ইসরায়েলের কাছে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডা. আবু সাফিয়াকে ইসরায়েল কোনো বিচার ছাড়াই ‘অবৈধ কমব্যাট্যান্ট’ হিসেবে চিহ্নিত করে বন্দি করে রেখেছে। তার আইনজীবী নাসের ওদেহ জানিয়েছেন, নিয়মিত নির্যাতনের কারণে চিকিৎসকের শারীরিক অবস্থা চরম ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আবু সাফিয়াসহ সব আটক স্বাস্থ্যকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েল এখনো এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।










