Home / খেলাধুলা / ইয়ামালের পর ফুটবল বিশ্বে আরেক বিস্ময় কিশোর লাসিনে মেগনান-পাভে

ইয়ামালের পর ফুটবল বিশ্বে আরেক বিস্ময় কিশোর লাসিনে মেগনান-পাভে

ফ্রান্সের মন্তেপিয়ের ১৬ বছর বয়সী তরুণ ফুটবলার লাসিনে মেগনান-পাভেকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের বড় ক্লাবগুলো। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের তথ্য অনুযায়ী, বার্সেলোনা, চেলসি এবং আর্সেনাল এই সম্ভাবনাময় ফরোয়ার্ডের ওপর নজর রাখছে। ইয়ামালের মতো কিশোর বয়সেই বিশ্ব ফুটবলে আলোচনায় উঠে আসা এই তরুণ নিজের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন মাঠের পারফরম্যান্সে।

১.৮৭ মিটার উচ্চতার মেগনান-পাভে বর্তমানে মন্তেপিয়ের একাডেমিতে খেলছেন। সেন্টার ফরোয়ার্ড হিসেবে গোল করার পাশাপাশি বল নিয়ন্ত্রণ এবং সতীর্থদের সঙ্গে সমন্বয় তৈরিতে তিনি বেশ দক্ষ। ২০১০ সালের ৭ মার্চ জন্ম নেওয়া এই খেলোয়াড় সাত বছর বয়সে মন্তেপিয়ের একাডেমিতে যোগ দেন এবং বয়সভিত্তিক বিভিন্ন দলে দ্রুত উন্নতির স্বাক্ষর রাখেন।

২০২৬ সালের ২ ফেব্রুয়ারি মাত্র ১৫ বছর বয়সে মন্তেপিয়ের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সই করেন মেগনান-পাভে, যার মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত। ক্লাবটির সভাপতি লরাঁ নিকোলাঁ জানিয়েছেন, ক্লাবের ইতিহাসে এত কম বয়সে আর কেউ পেশাদার চুক্তিতে সই করেননি। এছাড়া কুপ দে গামবার্দেলা প্রতিযোগিতায় তিন গোল করে দলকে ফাইনালে তুলতে তিনি বড় ভূমিকা পালন করেন।

ফরাসি এই তরুণ জাতীয় পর্যায়েও তার ছাপ রেখেছেন। ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের নেতৃত্ব দেওয়া মেগনান-পাভে মনে করেন, পেশাদার চুক্তি কেবল তার দীর্ঘ যাত্রার সূচনা। ইয়ামালের সঙ্গে তার তুলনা করা হলেও, খেলার ধরন ও পজিশনের ভিন্নতার কারণে তাকে নিজস্ব গতিতে বিকশিত হতে দেখাটা এখন সময়ের দাবি। বড় ক্লাবগুলোর নজরদারিতে থাকা এই কিশোর আগামী দিনে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *