বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, রাষ্ট্রের কাছে সব নাগরিক সমান। মঙ্গলবার বিকেলে ‘ইনডিজেনাস আইডেন্টিটি ইজ ইরিলিভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনায় তিনি পাহাড় ও সমতলের জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি হতে পারে এমন শব্দ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, কোনো জনগোষ্ঠীকে শব্দের মাধ্যমে ক্ষুদ্র বা অন্য কোনোভাবে চিহ্নিত করা হলে তাদের মধ্যে অসন্তোষ ও হীনম্মন্যতা তৈরি হতে পারে। সংবিধানে বৈচিত্র্যময় সংস্কৃতির বিকাশে রাষ্ট্রের দায়বদ্ধতার কথা বলা থাকলেও, পরিচয় নির্ধারণে ব্যবহৃত শব্দ নিয়ে বিতর্ক রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত শব্দের বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনার ইঙ্গিত দেন তিনি।
তিনি আরও বলেন, সব জাতি ও গোষ্ঠী মিলে যে একক সত্তা, সেটিই জাতীয় সত্তা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানের সমতার নীতি বাস্তবায়নে আরও উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।
আলোচনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফা চৌধুরী মনি বলেন, জাতিগত পরিচয়ের দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সামাল না দিলে তা বড় আকার ধারণ করতে পারে। তিনি দেশের সব নাগরিকের ঐক্যবদ্ধ বাংলাদেশি পরিচয়ে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেন।










