বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশন এবং জগন্নাথ হলের পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে এ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, ককটেল বিস্ফোরণের মাধ্যমে ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে এবং কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা দাবি করেন, বিগত বছরগুলোতে বিভিন্ন আন্দোলনে হামলাকারী এবং নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনও ক্যাম্পাসে সক্রিয় রয়েছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
এই বিচারহীনতার সংস্কৃতিই ক্যাম্পাসে একের পর এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রেক্ষাপট তৈরি করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের এবং সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।









