বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং কমিটি প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠন দুটি ক্যাম্পাসে নিষিদ্ধ এই সংগঠনের যেকোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। এতে শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েবসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাকৃবিতে নতুন কমিটি দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি সম্মান রেখে ক্যাম্পাসে এই সংগঠনের কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি যেকোনো অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রলীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। নতুন করে কমিটি ঘোষণা করায় বাকৃবির শিক্ষার্থীরা এটি প্রত্যাখ্যান করেছে।
এর আগে মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য বাকৃবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ইমরান সিদ্দিকী প্রান্তকে সভাপতি ও মো. মুইন নাদিম আল মুনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।









