Home / আন্তর্জাতিক / লোহিত সাগরে অবাধ নৌচলাচলের দাবিতে সৌদি যুবরাজকে সমর্থন মিশরের

লোহিত সাগরে অবাধ নৌচলাচলের দাবিতে সৌদি যুবরাজকে সমর্থন মিশরের

মিশরের কায়রোতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৈঠকে লোহিত সাগরে নিরবচ্ছিন্ন ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার জন্য সৌদি আরবের আহ্বানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন মিসরীয় প্রেসিডেন্ট। এই উদ্যোগকে আঞ্চলিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার কায়রোতে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর সুরক্ষা মিশরের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছে মিশরীয় কর্তৃপক্ষ। এছাড়া ইয়েমেন সংকট নিরসনে একটি টেকসই রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মোখা বন্দর দখল করাসহ বাব আল-মানদাব প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় বর্তমানে লোহিত সাগরের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। হুতিরা সামুদ্রিক চলাচলে বিঘ্ন না ঘটানোর আশ্বাস দিলেও সাম্প্রতিক মাসগুলোতে সৌদি সংশ্লিষ্ট বেশ কিছু জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

লোহিত সাগরে জাহাজ চলাচল কমে যাওয়ায় সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে মিশরের অর্থনীতিতে। দেশটির প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত সুয়েজ খালের রাজস্ব গত দুই বছরে প্রায় ৭ বিলিয়ন ডলার বা ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। সংকট সত্ত্বেও লোহিত সাগরে হুতির কর্মকাণ্ড ঠেকাতে মিশর এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত রয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *