পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। গত বৃহস্পতিবার সকালে ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট) উচ্চতার এই পর্বতশৃঙ্গটির চূড়ায় আরোহণ করেন ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী। এর মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে তিনি এই দুর্গম চূড়া জয়ের গৌরব অর্জন করলেন।
পর্বতারোহণের জগতে কেটু অত্যন্ত বিপজ্জনক ও চ্যালেঞ্জিং হিসেবে পরিচিত। ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদন অনুযায়ী, কেটু মাউন্ট এভারেস্টের মতো নয়; এর চারপাশ অত্যন্ত খাড়া হওয়ায় চূড়ায় ওঠার পথ বেশ দুর্গম। পাথর খসে পড়া ও তুষারধসের কারণে একে ‘সেভেজ মাউন্টেন’ বা হিংস্র পর্বতও বলা হয়। এ কারণেই একে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বত মনে করা হয়।
অভিযাত্রার আগে গত রবিবার ওয়াসফিয়া নাজরীন তার ফেসবুক পেজে ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করে লিখেছিলেন, তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী পর্বতারোহী দলের সঙ্গে কেটু জয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তার এই অভিযানে মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা এবং নির্মল পুরজার মতো বিশ্বখ্যাত পর্বতারোহীরা সঙ্গী ছিলেন।
এর আগে ২০১২ সালে ওয়াসফিয়া নাজরীন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এছাড়া তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিটস) জয়ের রেকর্ডও গড়েছেন।
উল্লেখ্য, ১৯৫৪ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৪২৫ জন পর্বতারোহী কেটু জয় করতে সক্ষম হয়েছেন, যার মধ্যে নারী রয়েছেন মাত্র ২০ জনের মতো। এখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার ছাড়িয়ে যায় এবং তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।










