বাংলাদেশের সাতক্ষীরার কালীগঞ্জে নিখোঁজ এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার এবং পরবর্তীতে গণপিটুনিতে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় কাজলা ইউনিয়নের কাশিবাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই নারীকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত শিশুর নাম ফারজানা (৯)। সে স্থানীয় এনামুল হকের মেয়ে এবং কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবার পুলিশকে খবর দেয়।
পুলিশের অনুসন্ধানে কাশিবাটি গ্রামের সুমাইয়া নামের এক নারীর বাড়ির ওয়ারড্রোবের নিচ থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সুমাইয়াকে আটক করলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে ওই নারীকে ছিনিয়ে নেয় এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় তিনিসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।










