ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হওয়ায় অন্তত ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে জানায়, পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রতি ঘণ্টায় বাড়ছে। লড়াইয়ের কারণে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আইওএম-এর প্রধান অ্যামি পোপ জানিয়েছেন, সংঘাতের কারণে অনেক পরিবার দ্বিতীয় বা তৃতীয়বারের মতো বাড়িঘর ছেড়ে পালানোর মতো চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এর আগে বৃহস্পতিবার হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর শহর মোচা দখল করে নিলে সেখানকার বাসিন্দারা মালামাল নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। এছাড়া বাব আল-মান্দেব প্রণালীর একটি গুরুত্বপূর্ণ দ্বীপও এখন হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন তাদের দখলে।
জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক জানান, মোচাতে অবস্থিত জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা কেন্দ্র হুতিরা দখল করে নিয়েছে। তবে এর আগেই জাতিসংঘের সব কর্মী নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, মানবিক সহায়তা কর্মীরা, তাদের স্থাপনা এবং সম্পদ সব সময় সুরক্ষিত ও সম্মানের পাত্র হওয়া উচিত।
লন্ডনভিত্তিক থিংকট্যাংক চ্যাথাম হাউসের গবেষক ফারিয়া আল-মুসলিমি আল-জাজিরাকে জানান, এই সংঘাত ইয়েমেনে আগে থেকেই বিদ্যমান মানবিক সংকটকে আরও গভীর করছে। তিনি সতর্ক করে বলেন, এই উত্তেজনার ফলে নতুন করে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বাড়ছে এবং পণ্যমূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। লোহিত সাগর অঞ্চলের এই সামরিক উত্তেজনার প্রভাব শুধু ইয়েমেনের অভ্যন্তরেই নয়, বরং দেশের বাইরেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









