ফ্রান্সের তুলুজের অদূরে লে ফগা গ্রামে নিজ ছেলের স্কুলের এক শিক্ষিকাকে হত্যার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তুলুজের একটি আদালতে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই রায় দেওয়া হয়। ঘটনার ছয় দিন পর এই বিচার সম্পন্ন হলো।
ঘটনার সূত্রপাত হয় যখন ওই ব্যক্তি তার ছেলের বিষয়ে আলোচনার জন্য স্কুলে যান। লে ফগার মেয়র জ্যঁ-মারি পুইগ জানান, ওই ছাত্র শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা করলে শিক্ষিকা তাকে অন্য একটি ক্লাসে পাঠান। সেখানেও সে নিয়ম ভঙ্গ করায় তাকে তিরস্কার করা হয়েছিল। এরপর স্কুলের বাইরে ওই বাবা শিক্ষিকার মুখোমুখি হন এবং তাকে হত্যার হুমকি দেন।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, কোনো শিক্ষকেরই পেশাগত দায়িত্ব পালনে ভয় পাওয়ার সুযোগ নেই। একজন শিক্ষকের ওপর হামলা মানে পুরো শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলা। শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের নিরাপত্তার জন্য সম্প্রতি পাস হওয়া নতুন আইনের আওতায় এই ঘটনাটি বিবেচনা করা হচ্ছে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ওই শিক্ষিকা বর্তমানে অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন এবং তাকে সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছে। সহকর্মীরাও নিরাপত্তার দাবিতে ঘটনার পরবর্তী সোমবার কাজে যোগ দেননি। অভিযুক্ত ব্যক্তি পরে দুঃখ প্রকাশ করলেও তার বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করা হয়েছিল।
ফ্রান্সে ছয় বছর আগে প্যারিসের শহরতলিতে স্যামুয়েল পাটি নামের এক শিক্ষককে হত্যার ঘটনাটি এখনো জনমনে আতঙ্ক হিসেবে রয়েছে। সেই প্রেক্ষাপটে নতুন করে এই হুমকির ঘটনাটি ফ্রান্সে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন আইনের আওতায় এখন অভিযুক্তের ছেলেকে অন্য স্কুলে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।









