বাংলাদেশের যশোরে ও মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এই গ্রেফতার ও জব্দকৃত আলামত অনলাইন জুয়া প্রতিরোধে ডিবি পুলিশের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন সাগর শিকদার, অমল কীর্তনিয়া অভি, মিথুন সরকার, সুনীল মৃধা, কাজী উসরাত আঞ্জুমান মেঘা, মারুফা ও মো. রাকিবুল হাসান।
ডিবি জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার বেশ কয়েকটি ওয়েবসাইট ও অ্যাপ শনাক্ত করার পর এই অভিযান পরিচালনা করা হয়। এসব প্ল্যাটফর্মে লেনদেনের জন্য বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ও ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে প্রথমে যশোরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে চক্রের হোতা সাগর শিকদারকে মাদারীপুরের কালকিনি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৮৪টি মোবাইল ব্যাংকিং সিম কার্ড, ৪৬টি স্মার্টফোন, একটি বাটন ফোন, আটটি ল্যাপটপ, ২৭টি ব্যাংক কার্ড, তিনটি ডায়েরি ও দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি মূলত জুয়ার সাইট ও অ্যাপের জন্য অবৈধভাবে আর্থিক লেনদেনের ওয়ালেট সরবরাহ করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










