যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ৪ কোটি বা ৪০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে টিকটক। গত ২১ আগস্ট ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দায়ের করা এই মামলার নিষ্পত্তির মাধ্যমে এই অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটি শিশুদের অনলাইন সুরক্ষা আইন (COPPA) লঙ্ঘনের অভিযোগে করা বিশ্বের অন্যতম বড় একটি সমঝোতা।
বিচার বিভাগ জানায়, টিকটক এবং এর মূল কোম্পানি বাইটড্যান্স ১৩ বছরের কম বয়সী লাখ লাখ ব্যবহারকারীর বিপুল পরিমাণ তথ্য অবৈধভাবে সংগ্রহ করেছে। ২০০০ সালে প্রণীত শিশু সুরক্ষা আইন অনুযায়ী শিশুদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকলেও প্ল্যাটফর্মটি তা অনুসরণ করেনি।
সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট জানান, মামলার কার্যক্রম শুরুর সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতিতে শিশুরা এখন অনেক বেশি সুরক্ষিত।
সমঝোতা অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিকভাবে ৩০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। অবশিষ্ট ১০০ মিলিয়ন ডলার ফেডারেল ট্রেড কমিশনের একটি কনসেন্ট ডিক্রি বাতিলের পর পরিশোধ করা হবে।
মামলাটি যখন দায়ের করা হয়েছিল, তখন প্ল্যাটফর্মটিতে ১৭ কোটির বেশি কিশোর-কিশোরী ব্যবহারকারী ছিল। অভিযোগ ছিল যে, টিকটক সরাসরি শিশুদের লক্ষ্য করে তাদের তথ্য সংগ্রহ করছিল, অথচ ব্যবহারকারীর বয়স যাচাই বা অভিভাবকের সম্মতি নেওয়ার মতো কোনো কার্যকর ব্যবস্থা সেখানে ছিল না।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে গুগল ও এপিক গেমসের মতো প্রতিষ্ঠানগুলোও একই আইনে জরিমানা গুনেছে। এছাড়া মেটার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারিক প্রক্রিয়া চলছে।










