Home / আন্তর্জাতিক / আফগানিস্তানের কাবুলে স্কুলে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

আফগানিস্তানের কাবুলে স্কুলে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলের দাশত-ই-বার্চি এলাকায় একটি স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। কাবুলের এই স্কুলটিতে বিস্ফোরণের বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, তবে তালেবান প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে শামা-ই-হেদায়াত নামের ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় আলামি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং এতে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, কোনো হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে। স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই বিস্ফোরণ ঘটে, যার ফলে আহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আফগানিস্তান ইন্টারন্যাশনাল প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণস্থলের কাছে অ্যাম্বুলেন্স ঘিরে উৎসুক জনতার ভিড় রয়েছে।

দাশত-ই-বার্চি এলাকাটি মূলত আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বসতি। অতীতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএসআইএস-কে) এই হাজারা সম্প্রদায়ের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। তারা অতীতে মসজিদ, স্কুল এবং কর্মক্ষেত্রকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করেছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *