নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত অটো জরিমানা ব্যবস্থা চালু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাটস্থ হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোট ৪৯০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে মহাসড়কে গতিসীমা লঙ্ঘন, উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সংকেত অমান্য বা ওভারটেকিংয়ের মতো আইন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে। জরিমানার তথ্য তাৎক্ষণিকভাবে বিআরটিএ-এর কাছে চলে যাবে এবং গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে তা পৌঁছে যাবে। গাড়ির মালিক ঘরে বসেই মোবাইল বা সিস্টেমের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।
জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রের মাধ্যমে জনগণকে সচেতন করা হবে। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা সড়ক যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।









