বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যান্ত্রিক ত্রুটির তথ্য গোপন করে প্রবেশের সময় দুর্ঘটনায় পড়া কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসকে এক কোটি ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এই জরিমানা আরোপ করা হয়।
জরিমানার আদেশে উল্লেখ করা হয়, জরিমানার মূল অংক এক কোটি টাকা এবং এর ওপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ ১৫ লাখ টাকা যুক্ত করা হয়েছে। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডকে দুটি আলাদা পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ বন্দর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পটভূমি
গত ৩ আগস্ট জাহাজটি বন্দরে বার্থিংয়ের জন্য প্রবেশের সময় ইন্টারন্যাশনাল সেফটি ম্যানেজমেন্ট (আইএসএম) কোড অনুযায়ী পাইলটদের দেওয়া তথ্যপত্রে স্টিয়ারিং গিয়ারের ত্রুটির বিষয়টি উল্লেখ ছিল না। পরবর্তীতে চ্যানেল প্রবেশের কিছুক্ষণ আগে জাহাজের মাস্টার পাইলটদের ত্রুটির বিষয়টি জানান এবং ডিএনভি ক্লাসের একটি সনদ হস্তান্তর করেন। এরপর ৫ আগস্ট চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং সিস্টেমে ত্রুটির কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নেভিগেশন বয়ায় ধাক্কা দেয় এবং রিটেইনিং ওয়ালে আটকে পড়ে। এর ফলে চ্যানেলটি চরম ঝুঁকিতে পড়লে দীর্ঘ ১২ ঘণ্টার চেষ্টায় জাহাজটিকে উদ্ধার করা হয়।
কেন এই জরিমানা
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের ত্রুটি ও সংশ্লিষ্ট বিধিনিষেধ গোপন করে জাহাজ পরিচালনা করা বন্দর, অবকাঠামো ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। সম্ভাব্য এই নিরাপত্তাঝুঁকি বিবেচনায় জাহাজটির মাস্টার ও শিপিং এজেন্টের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।










