বাংলাদেশের ময়মনসিংহে পরিকল্পিত ও আধুনিক নগরায়ন নিশ্চিত করতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে (মউক) সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলিতে গণপূর্ত ভবনের নিচতলায় মউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। নগরীর পরিকল্পিত উন্নয়নে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
মতবিনিময় সভায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার নবগঠিত কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন এবং নগর উন্নয়নে প্রতিমন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী মউকের সাফল্য কামনা করে ময়মনসিংহের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে মউক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
এ সময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।










