বাংলাদেশের খুলনায় অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণভোজের আয়োজন করেছে কর্তৃপক্ষ। দিবসটির তাৎপর্য তুলে ধরা, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ আয়োজন করা হয়েছে।
আয়োজনে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলে ১ হাজার ১৮৫ জন, বিজয় ২৪ হলে ১ হাজার ১৩৫ জন, অপরাজিতা হলে ১ হাজার ৫০ জন, খান জাহান আলী হলে ৮৫১ জন এবং খান বাহাদুর আহসানউল্লাহ হলে ৭৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের জন্য মেনুতে রাখা হয়েছে পোলাও, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি ও সফট ড্রিংকস।
আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. মো. খসরুল আলম জানান, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনার সঞ্চার করতেই এই সম্মিলিত আয়োজন। নির্ধারিত সময়ে আবেদনকারী কোনো শিক্ষার্থীকেই বাদ দেওয়া হয়নি। অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা এবং উন্নত মানের খাবার পরিবেশনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়টি কেবল পাঠদানের জায়গা নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও মূল্যবোধ চর্চার ক্ষেত্র হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন তিনি। এদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকেও প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানানো হয়েছে। শিক্ষার্থীদের মতে, এ ধরনের আয়োজন তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।









