লিবিয়ার সাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার মো. রাব্বি বেপারী (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার সকালে এই খবর পাওয়ার পর থেকে নিখোঁজ কিশোরের পরিবারে চলছে শোকের মাতম। অবৈধভাবে ইতালি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে, যা স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিখোঁজ রাব্বির পরিবার ও স্থানীয়দের তথ্যমতে, গোপালপুর গ্রামের দালাল জাহাঙ্গীরের সঙ্গে ইতালি যাওয়ার জন্য ২৫ লাখ টাকায় চুক্তি করেছিলেন রাব্বির পরিবার। চুক্তির অর্থ পরিশোধের কয়েক মাস পর রাব্বি বাড়ি ছাড়েন এবং কিছু সময় লিবিয়ায় অবস্থান করেন। পরিবারকে তিনি জানিয়েছিলেন, দ্রুতই নৌকায় করে সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছাবেন। তবে গত দুই সপ্তাহ ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। পরে এক দালালের মাধ্যমে স্বজনরা জানতে পারেন, রাব্বি যে নৌকায় ছিলেন তা সাগরে ডুবে গেছে।
নিখোঁজ রাব্বির বাবা সোবাহান বেপারী জানান, দালাল জাহাঙ্গীর অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তারা মামলা করার সাহস পাচ্ছেন না। তাদের একমাত্র চাওয়া যে কোনো উপায়ে ছেলেকে ফিরে পাওয়া।
অভিযুক্ত দালাল জাহাঙ্গীর দাবি করেছেন, রাব্বিসহ স্থানীয় কয়েকজন যুবকের টাকা মাদারীপুরের রাজৈরের ইলিয়াস ও আলী নামের দুই দালালের কাছে জমা দেওয়া হয়েছে। রাব্বির কোনো তথ্য পাওয়া গেলে তা পরিবারকে জানানোর আশ্বাস দিয়েছেন তিনি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, রাব্বি নিখোঁজের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









