রাশিয়ার মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে একটি ইতালীয় রেস্তোরাঁয় হাতে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত আটটার দিকে শহরটির কেন্দ্রস্থলের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে রুশ নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে।
জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁটির ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন। সেখানে তখন একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে এক নিরাপত্তা রক্ষী বাধা দিলে ওই নারী ভেতরে ঢুকতে পারেননি।
ঘটনার পর পরই এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গ ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরণের পর এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তদন্তকারীরা বিস্ফোরক ও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ করছেন।










