কানাডার টরন্টো শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে অজ্ঞাত বন্দুকধারীরা গুলিবর্ষণ করেছে। সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। কনস্যুলেটের বাইরে দায়িত্বরত এক কর্মকর্তা গুলির শব্দ শোনার পর একটি লাইসেন্সবিহীন সাদা রঙের গাড়িকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখেন। পুলিশের দাবি, এ বছর টরন্টোয় অবস্থিত মার্কিন কূটনৈতিক কার্যালয়টিতে এটি দ্বিতীয় হামলার ঘটনা।
ঘটনার পর পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করলেও নিরাপত্তার খাতিরে তা স্থগিত করতে হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কনস্যুলেটের দেয়ালে গুলির আলামত পাওয়া গেছে। ঘটনার সময় ভবনের ভেতরে অন্তত দুজন কর্মী ছিলেন, তবে ভবনটি অত্যন্ত সুরক্ষিত হওয়ায় তারা গুলির শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন টরন্টো পুলিশের ডেপুটি চিফ ফ্রাঙ্ক বারেডো।
তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা
টরন্টো পুলিশ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় ঘটনাটি তদন্ত করছে। আরসিএমপির সুপারিনটেনডেন্ট জোনাথন কো এটিকে একটি উদ্বেগজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এই হামলাকে উদ্ধত কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।
এর আগে গত মার্চ মাসে কনস্যুলেটের সামনে একই ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, যা জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচিত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে জুন মাসে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তবে বর্তমান ঘটনার সাথে আগের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
অন্যান্য হামলার সাথে যোগসূত্র
গত সপ্তাহান্তে টরন্টোতে দুটি ইহুদি মালিকানাধীন বেকারিতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, কনস্যুলেটের ঘটনায় এবং ওই বেকারিতে হামলার মধ্যে আপাতত কোনো সরাসরি সংযোগ খুঁজে পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ।









