Home / বিশ্ব / শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি নির্যাতন নিয়ে সুপ্রিম কোর্টের আবেদন নাকচ

শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি নির্যাতন নিয়ে সুপ্রিম কোর্টের আবেদন নাকচ

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ‘নির্মমতা’ নিয়ে করা স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আবেদন তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার (২২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদন গ্রহণে অস্বীকৃতি জানায়। শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদনটি করেছিলেন আইনজীবী নরেন্দ্র মিশ্র।

আবেদনের সময় আইনজীবী দাবি করেন, তার কাছে পুলিশের বলপ্রয়োগের ভিডিও রয়েছে এবং বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত করা হলে তিনি শিক্ষার্থীদের পক্ষে তা উপস্থাপন করতে চান। জবাবে প্রধান বিচারপতি জানান, আদালত ভিডিও দেখতে আগ্রহী নয় এবং এ নিয়ে সময় নষ্ট না করার পরামর্শ দেন।

আবেদনে অভিযোগ করা হয়েছিল, শান্তিপূর্ণ সমাবেশে দিল্লি পুলিশ মৌলিক অধিকার লঙ্ঘন করেছে এবং আদালতের নির্দেশ অমান্য করেছে। এছাড়া, বর্তমান বিচারপতিদের নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছিল।

উল্লেখ্য, মঙ্গলবার একই ঘটনায় দিল্লি হাইকোর্টও পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগ সংক্রান্ত একটি আবেদন জরুরি ভিত্তিতে শুনানির জন্য তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানায়।

সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সিজেপির ডাকে হাজার হাজার শিক্ষার্থী দিল্লির রাজপথে বিক্ষোভ করেন। সংসদের দিকে মিছিল এগিয়ে যাওয়ার সময় পুলিশের লাঠিচার্জের ঘটনায় এই আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *