বাংলাদেশের ঢাকায় পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই দেশের চারটি কোম্পানির আটটি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে। বিএসটিআই জানিয়েছে, এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া কিছু পণ্যে মানদণ্ড অনুযায়ী উপাদানের ঘাটতি থাকায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচার থেকে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে টোটাল মিল্ক সলিড নন ফ্যাট বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত মাত্রায় পাওয়া গেছে।
এছাড়া অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে ভিটামিন ‘সি’-এর মাত্রা নির্ধারিত মানের চেয়ে কম পাওয়া গেছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে এই পণ্যগুলো বাজার থেকে তুলে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। লাইসেন্স নবায়ন বা নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত এই পণ্যগুলোর উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখতে হবে। বিএসটিআই জানিয়েছে, পুরো বিষয়টি তারা কঠোরভাবে তদারকি করবে এবং নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








