যুক্তরাজ্যের লন্ডনে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। এই নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিঠিতে বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানান। এই জয়কে তিনি বার্নহ্যামের নেতৃত্বের প্রতি যুক্তরাজ্যের জনগণ ও তার দলের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, কমনওয়েলথের আদর্শ, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবে কাজ করছেন বলে চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রবাসীরা উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
চিঠির শেষে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অ্যান্ডি বার্নহ্যামকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বার্নহ্যামের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।







