যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ রূপ নিয়ে আঘাত হেনেছে হারিকেন মিল্টন। অঙ্গরাজ্যটির সারাসোটা কাউন্টির সিস্তা কি অঞ্চলের কাছে উপকূলে আছড়ে পড়ার পর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ফ্লোরিডার প্রায় ৩০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
ঝড়টি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ মাইল। এর ফলে উপকূলীয় অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অনেক বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী বাতাসের তোড়ে গাছপালা উপড়ে পড়েছে এবং বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে।
হারিকেন মিল্টনের কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।
ঝড়ের তীব্রতায় ফ্লোরিডার জনজীবন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।








