মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফিফার নির্বাহী সভায় প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকার পর ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, বিশ্বকাপসহ বড় কোনো টুর্নামেন্ট বয়কটের বিষয়টি এখনও তাদের বিবেচনায় রয়েছে। ফিফা কর্র্তৃপক্ষ ইনফান্তিনোর বিতর্কিত প্রকল্পের বিষয়ে দুঃখপ্রকাশ করলেও, উয়েফার মতে এই পদক্ষেপে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
বিশ্বকাপের স্বত্ব ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। উয়েফা তাদের বিবৃতিতে জানিয়েছে, ইনফান্তিনোর বিতর্কিত প্রকল্প বাতিলে যে শর্তগুলো দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়নি। উয়েফার দাবি, ফুটবলকে এ ধরনের বাণিজ্যিক ক্ষতি থেকে স্থায়ীভাবে রক্ষা করার কোনো নিশ্চয়তা ফিফা দেয়নি।
ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ব্যক্তিগত বিনিয়োগ প্রকল্পের (এফএফই) ক্ষেত্রে ভুলগুলো স্বীকার করা হয়েছে এবং এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে উয়েফা স্পষ্ট জানিয়েছে, ফিফা প্রেসিডেন্টের ওপর তাদের আর কোনো আস্থা নেই। উয়েফার মতে, ফিফার বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্ত পরিস্থিতির উন্নতি ঘটায় না।
ফিফা প্রেসিডেন্টের অবস্থান শক্ত করতে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ফুটবল কনফেডারেশনগুলো ইনফান্তিনোর পক্ষেই সমর্থন জানিয়েছে। এছাড়া মেক্সিকো ও আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও তার প্রতি সমর্থন বজায় রাখার ঘোষণা দিয়েছে। এর ফলে উয়েফা এবং ফিফার মধ্যকার এই বিরোধ আরও ঘনীভূত হচ্ছে।
আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডে শুরু হতে যাওয়া ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইউরোপের ছয়টি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। উয়েফার বয়কটের হুমকি কার্যকর হলে সেই টুর্নামেন্টসহ ভবিষ্যতের বড় আয়োজনগুলোতে বড় ধরণের প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।










