তুরস্কের মানিসা প্রদেশের ইনজি উজমাজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাই স্কুলের বাইরে বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে এই হামলা চালানো হয়। হামলার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের কার্যালয়।
আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের অদূরে রাস্তা দিয়ে অস্ত্র হাতে এক ব্যক্তি হাঁটছেন এবং পরে তিনি সেই অস্ত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন।
হামলার মূল কারণ এখনো পরিষ্কার নয়। তুর্কি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, হামলাকারী ওই স্কুলেরই ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং শিক্ষা সমাজ শোকাহত। তদন্তের জন্য মন্ত্রণালয় থেকে তিনজন জাতীয় পর্যায়ের তদন্তকারীকে মানিসায় পাঠানো হয়েছে।









