বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গা থানায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় আনিক (২১) নামে অপর এক তরুণকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে শাহিনের (২২) বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র্যাব-৭ গলিতে এবং তার বাবার নাম আবু সিদ্দিক। অন্য নিহত তরুণ ইমনের (২২) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও ইমনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।









