ব্রাজিলের ভিনহেদো শহরে ভোপাস এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় ৬২ জন নিহতের ঘটনায় ১৬ জন বর্তমান ও সাবেক কর্মীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ এনেছে দেশটির ফেডারেল পুলিশ। ফেডারেল পুলিশের তদন্তকারী আন্দ্রে রিভেইরো জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল, যা এই দুর্ঘটনার মূল কারণ। এই ঘটনাকে ব্রাজিলের বিমান চলাচল ইতিহাসের একটি বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।
তদন্তে উঠে এসেছে যে, দুর্ঘটনার দিন এর আগেও বিমানটির ডি-আইসিং সিস্টেমে তিনবার ত্রুটি দেখা দিয়েছিল। তা সত্ত্বেও সেটিকে ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। এছাড়া, বিমানের ফ্লাইটে লগবুকে যান্ত্রিক ত্রুটি গোপন করার অভিযোগও আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
অভিযুক্তদের তালিকায় ভোপাস এয়ারলাইনসের মালিক ও প্রেসিডেন্ট জোসে লুইজ ফেলিসিও ফিলহোও রয়েছেন। যদি দোষী সাব্যস্ত হন, তবে তাদের প্রত্যেকের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড হতে পারে। স্থানীয় সরকারি আইনজীবীরা এখন সিদ্ধান্ত নেবেন যে, এই ১৬ জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা হবে কি না।
উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্ট মাসে পারানা অঙ্গরাজ্যের কাসকাভেল থেকে গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটি ১৩ হাজার ফুট উপর থেকে নিচে আছড়ে পড়ে। এতে থাকা ৫৮ যাত্রী ও ৪ জন ক্রুসহ সকলেই নিহত হন। দুই বছর ধরে চলা এই তদন্তে পুলিশ বলছে, প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা এবং ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।










