বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ১২টা থেকে ৩টার মধ্যে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এবং তাদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাত ১টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর থানার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে ১০ জনকে আটক করা হয়। এরপর রাত ১টা ৪৫ মিনিটে সদর থানার হাতিমারা মোড়ে অপর একটি মাইক্রোবাস থেকে ১১ জনকে আটক করা হয়। এছাড়া রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তৃতীয় মাইক্রোবাসটি থেকে আরও ১০ জনকে আটক করে পুলিশ।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, আওয়ামী লীগের মিছিলের সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট বসানো হয়। আটককৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিল করার প্রস্তুতির কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন।










