ভারতের কেরালায় নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বক্স অফিসে ১৩৪ কোটি ২৫ লাখ রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে। মুক্তির ২৩তম দিনে এসে ছবিটি এই মাইলফলক স্পর্শ করে, যা মালয়ালম সিনেমার ইতিহাসে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে সিনেমাটি ৩ কোটি ৮০ লাখ রুপি আয় করে। এর আগের দিন পর্যন্ত ছবির মোট আয় ছিল ১৩০ কোটি ৩৫ লাখ রুপি। টানা চার সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে দর্শকের ব্যাপক আগ্রহ বজায় রেখে সিনেমাটি এই সাফল্য অর্জন করেছে।
ছবির প্রথম সপ্তাহের আয় ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। প্রথম দিনে ৪ কোটি ৫০ লাখ রুপি আয়ের পর দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ৬ কোটি ২৫ লাখ ও ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে। প্রথম সপ্তাহের বেশ কিছু দিনে ছবির আয় ৭ থেকে ৯ কোটি রুপির ঘরে ছিল।
দ্বিতীয় সপ্তাহেও এই ধারাবাহিকতা বজায় থাকে। অষ্টম, নবম ও দশম দিনে ছবিটির আয় ছিল যথাক্রমে ৯ কোটি ৫০ লাখ, ৯ কোটি ৬০ লাখ ও ৯ কোটি ৬০ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে আয় কিছুটা কমলেও চতুর্থ সপ্তাহের শনিবারে আবারও বড় অঙ্কের ব্যবসা করে সিনেমাটি।
বর্তমানে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ মালয়ালম সিনেমার অন্যতম ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ের সফল সিনেমাগুলোর তালিকায় এর নাম উঠে আসায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা বেশ উচ্ছ্বসিত।










