যুক্তরাজ্যের লন্ডনে প্রিন্সেস ডায়ানার পরা আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ বা প্রতিশোধের পোশাকটি নিলামে তোলা হচ্ছে। নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স জানিয়েছে, পোশাকটির সম্ভাব্য দাম ২ লাখ ২০ হাজার পাউন্ড বা ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে। ১৯৯৪ সালে তৎকালীন প্রিন্স চার্লসের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকারোক্তির দিন সন্ধ্যায় লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে ডায়ানা এই গাউনটি পরে উপস্থিত হয়েছিলেন, যা পরবর্তীতে পপ-কালচারের ইতিহাসে আইকনিক মুহূর্ত হয়ে ওঠে।
পোশাকটির প্রেক্ষাপট
১৯৯৪ সালের সেই সন্ধ্যায় প্রিন্স চার্লসের একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়, যেখানে তিনি তার বিবাহিত জীবনে প্রতারণার কথা স্বীকার করেন। সেই একই রাতে ডায়ানা গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টামবোলিয়ানের তৈরি এই কালো অফ-শোল্ডার গাউনটি পরে জনসম্মুখে আসেন। তার স্টাইলিস্ট আনা হার্ভে জানিয়েছিলেন, সেই রাতে প্রিন্সেস ডায়ানা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় হয়ে উঠতে চেয়েছিলেন। ডায়ানার এই সাহসিকতা তার ব্যক্তিগত জীবনের কঠিন সময়টিতে নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রতীক হিসেবে গণ্য করা হয়।
নিলামের বিস্তারিত
আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে পোশাকটি নিলামে তোলা হবে। এর আগে এটি লন্ডন, হংকং, জেনেভা ও নিউইয়র্কে প্রদর্শনীতে রাখা হবে। ১৯৯৭ সালে মৃত্যুর কয়েক মাস আগে চ্যারিটির জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রিন্সেস ডায়ানা নিজেই তার ৭৯টি পোশাক নিলামে তুলেছিলেন। সে সময় গ্লাসগোর বাসিন্দা ব্রিজে ম্যাকেঞ্জি এটি কিনেছিলেন। স্বামীর মৃত্যুর পর এবার তিনি এটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
এর সঙ্গে ১৯৯৭ সালের নিলামের একটি বিরল ক্যাটালগও বিক্রি হবে, যাতে ডায়ানা ও ডিজাইনার স্টামবোলিয়ানের স্বাক্ষর রয়েছে। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ রয়্যাল এডিনবার্গ হাসপাতালের দাতব্য তহবিলে অনুদান হিসেবে দেওয়া হবে।










