বাংলাদেশের ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশের নির্দিষ্ট সময়সূচি না জানায় দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জাদুঘরটি বিকেল ৩টায় দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বিষয়টি অনেকের অজানাই থেকে গেছে।
সকাল থেকেই অনেক দর্শনার্থী পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে জাদুঘর প্রাঙ্গণে এসে হাজির হন। কিন্তু টিকিট কাউন্টার বন্ধ দেখে এবং ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে অনেকে হতাশা প্রকাশ করেন। কড়া রোদ ও ভ্যাপসা গরমের মধ্যে দীর্ঘসময় অপেক্ষা করতে না পেরে অনেক দর্শনার্থী আশেপাশের চন্দ্রিমা উদ্যান বা সংসদ ভবন এলাকার দিকে চলে যেতে বাধ্য হন।
জাদুঘরে আসা দর্শনার্থীরা জানান, ছুটির দিনে মানুষের হাতে সময় থাকে। তাই সকাল থেকেই যদি জাদুঘর খোলা রাখা হতো, তবে দর্শনার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে আসত।
গাজীপুর থেকে আসা জুবায়ের নামে এক দর্শনার্থী জানান, বিকেল ৩টায় জাদুঘর খোলার বিষয়টি তিনি জানতেন না। দূর থেকে এসে এভাবে অপেক্ষা করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। একই ধরনের অভিযোগ করেন পুরান ঢাকা থেকে আসা সিরাজুলসহ আরও অনেক দর্শনার্থী।
জাদুঘর এলাকায় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা দর্শনার্থীদের বিকেল ৩টায় প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। জাদুঘরের গেটে অপেক্ষমাণ দর্শকদের চাহিদাকে কেন্দ্র করে প্রাঙ্গণের বাইরে বিভিন্ন খাবার ও পানীয় বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।









