বাংলাদেশের ঢাকায় সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাংবাদিকদের কাজ হলো চাঁচাছোলা প্রশ্ন করা। সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা নিয়ে প্রশ্ন উত্থাপনের ক্ষেত্রে সাংবাদিকদের কূটনৈতিক হওয়ার প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করেন।
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে করা এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, সাংবাদিকরা চাইলে সরাসরি জিজ্ঞেস করতে পারেন সরকার দুর্নীতি বা পছন্দের প্রার্থীকে সুবিধা দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কি না। এ ধরনের যেকোনো প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত রয়েছেন।
ভাইভার নম্বর বাড়ানোয় অনিয়মের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ভাইভায় যেহেতু ব্যক্তিগত মূল্যায়নের সুযোগ থাকে, তাই এতে কারসাজির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে চাকরির জন্য কেবল লিখিত পরীক্ষার জ্ঞানই যথেষ্ট নয়। একজন প্রশাসকের সহজাত দক্ষতা বা অ্যাপটিটিউড যাচাইয়ের জন্য মৌখিক পরীক্ষা গুরুত্বপূর্ণ। তিনি নিজের অভিজ্ঞতা থেকে জানান, অনেক সময় লিখিত পরীক্ষায় মাঝারি মানের প্রার্থীও ভাইভায় চমৎকার দক্ষতা প্রদর্শন করেন, যারা প্রশাসনের জন্য যোগ্য।
উপদেষ্টা আরও বলেন, আগের নিয়োগ পদ্ধতি যথাযথ ছিল না বলেই সরকার এ পরিবর্তন এনেছে। এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। তবে নিয়োগ প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সাংবাদিকদের তা নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশের বিষয়েও ইতিবাচক আলোচনা করার আশ্বাস দেন তিনি।









