Home / প্রযুক্তি / ব্যবহারকারীর এইচআইভি তথ্য শেয়ারের অভিযোগ, ২৬ মিলিয়ন পাউন্ড জরিমানা গুনছে গ্রাইন্ডার

ব্যবহারকারীর এইচআইভি তথ্য শেয়ারের অভিযোগ, ২৬ মিলিয়ন পাউন্ড জরিমানা গুনছে গ্রাইন্ডার

যুক্তরাজ্যের লন্ডনে গ্রাইন্ডার অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং এইচআইভি স্ট্যাটাস তৃতীয় পক্ষের কাছে শেয়ার করার অভিযোগে ২৬ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। বিশ্বখ্যাত এই এলজিবিটিকিউ+ ডেটিং অ্যাপটির বিরুদ্ধে করা একটি ক্লাস অ্যাকশন মামলায় এই সমঝোতা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। মামলার নেতৃত্বদানকারী আইনি প্রতিষ্ঠান অস্টেন হেইস জানিয়েছে, এই দাবির পক্ষে ১১ হাজারের বেশি ভুক্তভোগী স্বাক্ষর করেছেন।

সমঝোতার শর্ত অনুযায়ী, গ্রাইন্ডার মোট ২৬ মিলিয়ন পাউন্ড পরিশোধ করবে। এর মধ্যে ১৩ মিলিয়ন পাউন্ড ৩১ ডিসেম্বরের মধ্যে এবং বাকি ১৩ মিলিয়ন পাউন্ড ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদান করা হবে। তবে এই সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের কোনো দায়বদ্ধতা স্বীকার করেনি বলে জানিয়েছে।

গ্রাইন্ডারের ভাষ্যমতে, এই অভিযোগগুলো ২০২০ সালের আগের সময়ের তথ্যের সাথে সম্পর্কিত, যখন কোম্পানিটি চীনা প্রতিষ্ঠান কুনলুনের মালিকানাধীন ছিল। গ্রাইন্ডার এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগগুলো বিতর্কিত হলেও ২০২০ সালের পূর্ববর্তী সময়ে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের মধ্যে যে হতাশা ও আস্থার সংকট তৈরি হয়েছে, তা তারা স্বীকার করে।

২০২৪ সালে হাইকোর্টে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছিল যে, গ্রাইন্ডার ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারকারীদের জাতিগত পরিচয় ও যৌন অভিরুচিসহ বিভিন্ন স্পর্শকাতর তথ্য তৃতীয় পক্ষের কাছে ফাঁস করেছে। বিশেষ করে ব্যবহারকারীদের এইচআইভি স্ট্যাটাস এবং সর্বশেষ পরীক্ষার তারিখের মতো তথ্যগুলো অ্যাপটিমিজ ও লোকালিটিক্স নামক দুটি ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠানের কাছে শেয়ার করার বিষয়টি উঠে আসে। এই তথ্যগুলো ব্যবহারকারীদের ওপর লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহৃত হতো।

মামলার প্রধান আইনজীবী ছায়া হনুমানজি জানান, ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করায় তারা চরম মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন। এর আগে ২০১৮ সালে এই তথ্য ফাঁসের বিষয়টি সামনে এলে নরওয়ের ডেটা সুরক্ষা সংস্থা গ্রাইন্ডারকে ৫.৫ মিলিয়ন পাউন্ড জরিমানা করে এবং ২০২২ সালে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার্স অফিসও তাদের ভর্ৎসনা করে।

গ্রাইন্ডার জানিয়েছে, ২০২০ সালের পর থেকে তারা তাদের গোপনীয়তা নীতি সম্পূর্ণ ঢেলে সাজিয়েছে। বর্তমানে এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের গোপনীয়তা রক্ষা এবং ডেটা ব্যবহারের ক্ষেত্রে তারা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *