নেপালের নুওয়াকোট জেলায় বিধ্বংসী ভূমিধসে মাটি ও পাথরের স্তূপের নিচে চাপা পড়া ৬৪ বছর বয়সী চন্ডিকা শ্রেষ্ঠাকে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী তাকে উদ্ধার করে বলে জানিয়েছে রয়টার্স। ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ভয়াবহ এই বিপর্যয়ের এতোদিন পরও জীবিত উদ্ধার পাওয়ার ঘটনা বিরল।
গত ১০ দিন আগে হিমালয়ের এই উপত্যকায় বরফ, পাথর ও কাদার বিশাল দেয়াল ধসে পড়ে। এতে চন্ডিকা শ্রেষ্ঠার বাড়িটি আংশিকভাবে মাটির নিচে চাপা পড়ে যায়। উদ্ধারকারীরা তার বাড়ির চতুর্থ তলায় তাকে জীবিত খুঁজে পান।
উদ্ধারের পরপরই চন্ডিকা শ্রেষ্ঠাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।










