বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সাবিনা ইয়াসমীনকে সংগীতের বাতিঘর হিসেবে বর্ণনা করে কনকচাঁপা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও সাবিনা ইয়াসমীন যেভাবে তার কণ্ঠের মাধুর্য ও শৈলী ধরে রেখেছেন, তা গবেষণার দাবি রাখে।
সাবিনা ইয়াসমীনের সঙ্গে নিজের তোলা একটি ছবি শেয়ার করে কনকচাঁপা তার স্ট্যাটাসে আব্দুল্লাহ আবু সাঈদের একটি পুরনো প্রসঙ্গের অবতারণা করেন। যেখানে কোকিলের গানের সঙ্গে তুলনা করে সাবিনা ইয়াসমীনকে সারাবছর সংগীতের সুরে শ্রোতাদের মাতিয়ে রাখা শিল্পী হিসেবে অভিহিত করা হয়েছিল। কনকচাঁপা বলেন, তিনি শুধু সারাবছর নয়, বরং আজীবন বাংলাদেশের মানুষকে গানে ডুবিয়ে রেখেছেন।
কনকচাঁপা আরও উল্লেখ করেন, সাবিনা ইয়াসমীন দেশের গানে অপ্রতিদ্বন্দ্বী। তার গাওয়া ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, কেবল এই তিনটি গান গাইলেও তিনি অমর হয়ে থাকতেন।
১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক শুরু করা সাবিনা ইয়াসমীন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন এই কিংবদন্তি। জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন সহকর্মী ও অনুরাগীরা।







