ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে আল-মুগাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। নিহতদের বাবা মোহাম্মদ আল-নাসান বিবিসির কাছে এই ঘটনায় গভীর শঙ্কা প্রকাশ করে বলেছেন, ঘরের বাইরে বের হওয়ার পর তাদের সন্তানরা জীবিত ফিরবে কি না, তা নিয়ে তারা প্রতিনিয়ত আতঙ্কে থাকেন।
নিহত কিশোরদের নাম ওমর আল-নাসান এবং খলিল আবু আলিয়া। গ্রামে প্রায় নিয়মিতভাবেই ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় এই মৃত্যুর ঘটনা ঘটল।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, সহিংস দাঙ্গায় উস্কানিদাতাদের ওপর তারা গুলি চালিয়েছে এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।









