বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান আজ বৃহস্পতিবার সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) সকাল ৯টার সূচকে এই তথ্য জানিয়েছে। আইকিউএয়ারের তালিকায় ১০৬ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০ম অবস্থানে রয়েছে।
বায়ুমান সূচকের মান অনুযায়ী, স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। সাধারণত শুষ্ক মৌসুমে ঢাকার বায়ুদূষণের মাত্রা বেশি থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমেও পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং, যার স্কোর ২৭৪। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে উগান্ডার কাম্পালা (১৬১) এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৮)। তালিকার অপর প্রান্তের দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার ভ্যাঙ্কুভার ও নিউজিল্যান্ডের অকল্যান্ডের বাতাসের মান ১০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
বায়ুদূষণ পরিমাপের আন্তর্জাতিক এই সূচকে শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বাতাসের মান ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোর থাকলে মান মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়।









