Home / আন্তর্জাতিক / হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণে বাধা নেই সুপ্রিম কোর্টের

হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণে বাধা নেই সুপ্রিম কোর্টের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তাবিত বলরুম নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের ৫-৪ ব্যবধানের এই আদেশের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত নির্মাণ প্রকল্পটি আপাতত চলমান থাকবে। এর আগে নির্মাণকাজ বন্ধ রাখতে দেওয়া অস্থায়ী আদেশটি এই নতুন রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে।

কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রকল্পটির কাজ এগিয়ে নেওয়ায় ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন নামের একটি সংস্থা এর বিরুদ্ধে মামলা করেছিল। আদালত অবশ্য এই প্রকল্পের বৈধতা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা মত দিয়েছেন যে, এই প্রকল্প চ্যালেঞ্জ করার মতো আইনি অধিকার ওই সংরক্ষণকারী সংস্থার নেই। একইসঙ্গে সরকার জাতীয় নিরাপত্তার যে যুক্তি দেখিয়েছে, তাকেও গুরুত্ব দিয়েছে আদালত।

এই রায়ের তীব্র বিরোধিতা করেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। তিনি তার ভিন্নমতের রায়ে বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই প্রকল্পের কাজ পরিচালনা করা সম্ভবত বেআইনি। তার মতে, আজকের এই সিদ্ধান্ত ক্ষমতার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কোনো বিজয় বয়ে আনেনি। সুপ্রিম কোর্টের তিনজন উদারপন্থী বিচারকও প্রধান বিচারপতির সাথে একমত পোষণ করেছেন।

প্রকল্পটির বিরোধীরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন আদালতকে পাশ কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে। হোয়াইট হাউসের ইষ্ট উইং ভেঙে সেখানে ৮ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের এই বিশাল বলরুম ও সামরিক স্থাপনা নির্মাণের কাজ চলছে। সরকারি আইনজীবীদের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই প্রকল্প সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

এর আগে মার্কিন ডিস্ট্রিক্ট জজ রিচার্ড লিওন এই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে আপিল আদালত ও পরবর্তীতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা এখন আর কার্যকর থাকল না। মামলার আইনি লড়াই নিম্ন আদালতে চললেও, সরকারি নথি অনুযায়ী প্রকল্পের মূল কাজগুলো আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *