যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টক্লেয়ারে অবস্থিত একটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ট্রাকভর্তি প্যাবস্ট ব্লু রিবন বিয়ার চুরির ঘটনা ঘটেছে। প্যাবস্ট ব্রিউইং কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চোরেরা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ২৫ হাজার ডলার মূল্যের প্রায় ১৮ হাজার ১৪৪ কেজি ওজনের বিয়ারের চালানটি নিয়ে পালিয়ে গেছে। এই বিয়ার সান ডিয়েগোতে যাওয়ার কথা ছিল।
ঘটনার তদন্ত করছে মন্টক্লেয়ার পুলিশ। তারা জানায়, একই দিনে একই ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে দুটি চুরির ঘটনা ঘটেছে। প্রথম ঘটনায় অ্যারিজোনাগামী ৪৫ হাজার ডলার মূল্যের আরেকটি চালান ১৭ আগস্ট সংগ্রহ করা হলেও তা গন্তব্যে পৌঁছায়নি। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না এবং তা কোনো সংঘবদ্ধ চক্রের কাজ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্যাবস্ট ব্রিউইং কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে পণ্য সংগ্রহের জন্য অনুমোদিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার আশ্রয় নেয়। এই ঘটনার গুরুত্ব তুলে ধরে কোম্পানিটি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং বিয়ার উদ্ধারে সাহায্যকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে।
চোরদের উদ্দেশ্যে কোম্পানিটি একটি বিশেষ বার্তা দিয়েছে। তাদের ১৮৪৪ সালে প্রতিষ্ঠার স্মরণে বিয়ার ফেরত দেওয়ার জন্য ১৮ দিন ৪৪ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিয়ার ফেরত দিলে কোনো প্রশ্ন করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।









