যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত রয়টার্স ও ইপসসের নতুন এক জরিপ অনুযায়ী, ইরানের সাথে চলমান যুদ্ধের প্রতি মার্কিন জনগণের সমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ কমে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব, জ্বালানি তেলের উচ্চমূল্য এবং রিপাবলিকান ভোটারদের সমর্থনের হার কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জরিপ থেকে জানা গেছে।
জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে মাত্র ৩১ শতাংশ আমেরিকান ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন, যা গত মার্চ মাসে ছিল ৩৭ শতাংশ। রিপাবলিকান ভোটারদের মধ্যে যুদ্ধের সমর্থনের হার মার্চ মাসের ৭৭ শতাংশ থেকে কমে ৬৯ শতাংশে নেমে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে এই সামরিক অভিযান অপরিহার্য। তবে যুদ্ধের কারণে ওই অঞ্চলে তেল রপ্তানিতে কার্যত অবরোধ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
এদিকে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামক একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। এর মাধ্যমে ইরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
জরিপে অংশগ্রহণকারীদের ৮৩ শতাংশই মনে করছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তিনি ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিদেশে সামরিক সংঘাত এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির বাড়তি দাম রিপাবলিকানদের জন্য নির্বাচনী বিপর্যয়ের কারণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।










