Home / আন্তর্জাতিক / টিকটক লাইভে আত্মঘাতী হওয়ার অভিযোগ, হাসপাতালে পেরেজ হিলটন

টিকটক লাইভে আত্মঘাতী হওয়ার অভিযোগ, হাসপাতালে পেরেজ হিলটন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে টিকটক লাইভ স্ট্রিম চলাকালীন নিজের ক্ষতি করার অভিযোগে জনপ্রিয় ব্লগার পেরেজ হিলটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ামি-ডেড শেরিফের কার্যালয় জানিয়েছে, জনৈক ব্যক্তি লাইভ স্ট্রিম চলাকালীন নিজেকে আঘাত করছেন—এমন সংবাদের ভিত্তিতে জরুরি সেবা দল তার বাড়িতে পৌঁছায়। পরে তাকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ঘটনার সময় পেরেজ হিলটন তার বাড়িতে একা ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনার পর তার টিকটক অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। শেরিফের কার্যালয় জানিয়েছে, তাদের ক্রাইসিস রেসপন্স ইউনিট এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের একটি দল বর্তমানে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

শেরিফের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে পৌঁছে ডেপুটিরা পরিস্থিতি পর্যালোচনা করেন। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং মানসিক সংকটে থাকা ব্যক্তির সুরক্ষায় তারা ধৈর্য ও আলোচনার কৌশল অবলম্বন করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে হিলটনের ব্যবস্থাপক দান্তে রুসিওলি এবং রেবেকা কোচন এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, অনলাইনে ছড়িয়ে পড়া উদ্বেগের বিষয়টি তারা অবগত আছেন। হিলটনের স্বাস্থ্য ও সুস্থতা তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে এবং এই মুহূর্তে তারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে টিকটকের মুখপাত্র জানিয়েছেন, তাদের স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেমে এই ভিডিওটি দ্রুত শনাক্ত হলেও মডারেশন ত্রুটির কারণে তা সরিয়ে নিতে কিছুটা সময় লেগেছিল। তবে কোম্পানিটি সাথে সাথেই আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দেয় এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি নিষিদ্ধ করে।

পেরেজ হিলটন তার ক্যারিয়ারের শুরুতে বিতর্কিত সেলিব্রিটি গসিপ ব্লগের জন্য পরিচিতি পেলেও সাম্প্রতিক বছরগুলোতে নিজের অতীত আচরণের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। বাবা হওয়ার পর তিনি নিজের অনলাইন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছিলেন বলে জানা যায়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *