Home / বিনোদন / নতুনরূপে সাজছে শাহরুখের স্বপ্নপুরী মান্নাত

নতুনরূপে সাজছে শাহরুখের স্বপ্নপুরী মান্নাত

ভারতের মুম্বাইয়ে বলিউড তারকা শাহরুখ খানের সমুদ্রপাড়ের বিলাসবহুল বাড়ি মান্নাত সংস্কার করা হচ্ছে। রিয়েল এস্টেট ব্যবসায়ী ও প্রযোজক আনন্দ পণ্ডিত এই সংস্কার প্রকল্পের বিস্তারিত তথ্য জানিয়েছেন। সংস্কারের পর বাড়িটিতে নতুন কী কী পরিবর্তন আসছে তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আনন্দ পণ্ডিতের তথ্য অনুযায়ী, মান্নাতের পেছনের দিকে বেশ কয়েকটি নতুন তলা তৈরির কাজ চলছে। বাড়িটিতে আরও দুই তলা যোগ করার জন্য মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমোদন পেলে বাড়িটির বিল্ট-আপ এরিয়া ৬১৬ বর্গমিটার বাড়বে এবং এই কাজে প্রায় ২৫ কোটি রুপি ব্যয় হতে পারে।

বর্তমানে শাহরুখ খান তার স্ত্রী গৌরী খান ও সন্তানদের নিয়ে বান্দ্রার পালি হিল এলাকার একটি ভাড়া করা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত পরিবারটি সেখানেই অবস্থান করবে। বাড়িটির মালিক বর্ষীয়ান প্রযোজক বাসু ভগনানী।

মান্নাত ছাড়াও মুম্বাইয়ের কার্টার রোডে শাহরুখের আরেকটি পুরোনো সম্পত্তির পুনর্নির্মাণের কাজও আনন্দ পণ্ডিতের প্রতিষ্ঠান করছে। ১৯৯১ সালে মুম্বাইয়ে শাহরুখের কেনা প্রথম ফ্ল্যাট এটি। এই প্রকল্পের কাজ ২০২৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। নতুন নির্মাণের পর এই সম্পত্তিটির মূল্য প্রায় ৪২ কোটি রুপিতে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আনন্দ পণ্ডিত দীর্ঘ দিন ধরে বলিউডের তারকাদের সম্পত্তি নিয়ে কাজ করছেন। তিনি শাহরুখ খান ছাড়াও অজয় দেবগন, হৃতিক রোশন ও রাকেশ রোশনের মতো তারকাদের সম্পত্তির নির্মাণ ও সংস্কারের সঙ্গে যুক্ত রয়েছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *