যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত ইন্ডিকার রেসের গ্রিন ফ্ল্যাগ উড়িয়ে সূচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কাইল কার্কউড বিজয়ী হয়েছেন, যা তার ক্যারিয়ারের সপ্তম জয়। ওয়াশিংটনের রাস্তায় পেশাদার রোড রেসিংয়ের আয়োজন এটিই প্রথম।
প্রতিযোগিতা শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাদের সরকারি লিমুজিন ‘দ্য বিস্ট’-এ চড়ে ১.৭ মাইলের ট্র্যাকটি পরিদর্শন করেন। গাড়িটি ফিনিশ লাইনে পৌঁছালে ট্রাম্পের নতুন এয়ার ফোর্স ওয়ান বিমানটি রাজধানীর ওপর দিয়ে ফ্লাইওভার সম্পন্ন করে।
সাধারণত ওয়াশিংটন ডিসিতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫৫ মাইল হলেও, এই প্রতিযোগিতায় চালকরা ঘণ্টায় ১৯০ মাইল পর্যন্ত গতিতে গাড়ি চালিয়েছেন। ওয়াশিংটন মনুমেন্ট, বিভিন্ন জাদুঘর এবং ইউএস ক্যাপিটল ভবনের পাশ দিয়ে মোট ১৪৭ ল্যাপের এই দৌড় সম্পন্ন হয়। ২৫ জন পেশাদার চালক এই লড়াইয়ে অংশ নেন।
ফ্রিমডম ২৫০ গ্রাঁ প্রি নামে পরিচিত এই আয়োজনে প্রায় ১ লাখ ৪০ হাজার দর্শক উপস্থিত ছিলেন বলে আয়োজকদের ধারণা। বিপুল সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে বিনামূল্যে প্রবেশের টিকিট দেওয়া হয়েছে, যদিও প্রিমিয়াম প্যাকেজের টিকিটের দাম ছিল ৫ হাজার ডলার।
এই রেসের জন্য শহরের রাস্তাঘাট মেরামত, ম্যানহোল সিলগালা করা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হয়েছে। এছাড়া সামরিক ফ্লাইওভারের সুবিধার্থে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের আকাশসীমা তিন ঘণ্টা বন্ধ রাখা হয়। ন্যাশনাল গ্যালারি অব আর্ট তাদের অমূল্য সংগ্রহগুলোকে ইঞ্জিনের কম্পন থেকে রক্ষা করতে বিশেষ পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছে।
রেসটি নিয়ে আমেরিকান চালক জোসেফ নিউগার্ডেন বিবিসিকে বলেন, দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর রাস্তায় এমন রেসে অংশ নেওয়া তার জন্য অত্যন্ত বিশেষ এবং অনন্য একটি অভিজ্ঞতা।










